মোবাইল ফোনের ইতিহাসে বাটনের যুগ এখন প্রাচীন। একবিংশ শতাব্দির স্মার্ট মানুষ এখন স্মার্টফোনের যুগে। এখন আর শব্দ করে বাটন টিপতে হয় না। টাচ করেই কাঙ্ক্ষিত কাজ সেরে নেয়া যায়। সাধারণত এই টাচ ফোনের পুরো ফ্রন্ট সাইড জুড়ে থাকে ডিসপ্লে।
কিন্তু হাত ফসকে কষ্টের টাকায় কেনা মোবাইলটি পড়ে যেয়ে ডিসপ্লে ভেঙে গেলে কষ্টের আর সীমা থাকে না। চৌচির হয়ে যাওয়া ডিসপ্লের দিকে তাকালে মনে হয়, যেন হৃদয়টাই ভেঙে গেছে। নতুন ডিসপ্লে খুঁজে বের করতে এবং তা লাগাতে যেমন টাকা খরচ হয় তেমনি ব্যয় হয় সময়।
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর হল, এখন আর ডিসপ্লে ভাঙলেও চিন্তার কিছুই নেই। কারণ এমন এক কাঁচ আবিষ্কৃত হয়েছে যা ভাঙলে আবার জোড়া লেগে যায় নিজে থেকেই!
অবাক হলেও সত্যি সত্যিই এমন কাঁচ আবিষ্কার করেছেন, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এ বিষয়ে স্ট্যান্ডার্ড ডট কো ডট ইউকে জানিয়েছে, টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকুজো আইদারের নেতৃত্বে একদল গবেষক তৈরি করেছেন এক ধরনের বিশেষ আঠা। ওই আঠা দিয়েই তৈরি হয়েছে বিশেষ এক ধরনের কাঁচ। এই কাঁচ যদি ফেটে চৌচির হয়ে যায় কিংবা ভেঙেও যায় তাহলেও জোড়া লেগে যাবে।
অধ্যাপক তাকুজো জানান, কাঁচের ভাঙা টুকরাগুলো পাশাপাশি রেখে হাত দিয়ে ধরে রাখলে কিছুক্ষণের মধ্যেই তা জোড়া লেগে যাবে। তিনি মনে করেন, ‘এই নতুন কাঁচের আবিষ্কার স্মার্টফোনের জগতে রাতারাতি বিপ্লব এনে দিতে পারে।’
