‘ভাই ব্রাদার এক্সপ্রেস’ নিয়ে ‘ফিরছেন’ ফারুকী
জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সর্বশেষ টেলিভিশনের জন্য নাটক নির্মাণ করেছিলেন ২০১০ সালে। আট বছর পর টেলিফিল্মের মধ্য দিয়ে এই ঘরানার নির্মাণে ফিরছেন তিনি। ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’ স্লোগানকে প্রতিপাদ্য ধরে দুটি টেলিফিল্ম নির্মাণ করবেন তিনি। আর একই স্লোগানে বাকি ছয়টি নির্মাণ করবেন নয়জন পরিচালক।
ভিন্ন ভিন্ন গল্পের এই আটটি নাটক ঈদুল আজহাতে চ্যানেল আইতে প্রচার হবে। এ উপলক্ষে ১৮ জুলাই, বুধবার চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ইউনিলিভারের পরিচালক (বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার) নাফিস আনোয়ার ও নির্মাতারা।
‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর কাজগুলোর মধ্যে ফারুকী ‘আয়েশা’ নামের একটি টেলিফিল্ম নির্মাণ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। অপরটির নাম জানানো হয়নি।
বাকি ছয়টির মধ্যে ‘পাতা ঝরার দিন’ নির্মাণ করবেন রেদওয়ান রনি, ‘সোনালি ডানার চিল’ নির্মাণ করবেন আশফাক নিপুন, ‘দ্য আর্টিস্ট’ নির্মাণ করবেন মাহমুদুল ইসলাম। এ ছাড়া ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিল’ যৌথভাবে নির্মাণ করবেন আবদুল্লাহ আল মুক্তাদির ও ফাহাদ খান, ‘আজকে না হয় ভালোবাসো’ যৌথভাবে নির্মাণ করবেন নাজমুল নবীন ও মাহমুদুল হাসান আদনান এবং ‘লিটনের গরিবি ফ্ল্যাট’ নির্মাণ করবেন মোমিন বিশ্বাস ও লোটাস মজুমদার।
সংবাদ সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘ফারুকীর শুরুটা চ্যানেল আই দিয়ে। তার নির্মিত প্রথম প্রোডাকশন ‘‘চড়ুই ভাতি’’ ছিল চ্যানেল আইয়ের জন্য। তার প্রথম ছবি ‘‘ব্যাচেলর’’ ইমপ্রেসে টেলিফিল্মের। এই ছবির পর তিনি বাংলা ভাষাভাষী পৃথিবীর মানুষের জন্য নাটক, সিনেমা নির্মাণ করেছেন, বড় কাজ করেছেন।
ইমপ্রেসের আরও বেশ কিছু কাজও করেছেন। কিন্তু মাঝখানে কিছুটা বিরতির পর ফের চ্যানেল আইয়ে ফিরলেন ফারুকী। বলা যায়, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ফারুকী যখন যেটা বড় করে করতে চেয়েছে, তার জন্য আমাদের দিক থেকে ওর প্রতি শুভকামনা ছিল। আমার ধারণা, বিগত কাজগুলোর মতোই এ কাজগুলো ভালোই হবে।’
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমি অনেকদিন হয়, টেলিভিশনের জন্য কাজ করি না। চ্যানেল আইয়ের সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক, তাদের সাথে বহুদিন পর একসঙ্গে কাজ করতে পারছি বলে। কারণ চ্যানেল আইয়ের সাথে আমার নস্টালজিক একটা সম্পর্ক রয়েছে।
আশা করছি, পুনরায় শুরু করা আমাদের যাত্রাটি সফল হবে। জীবনবোধ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে যে নাটকগুলো ঈদে চ্যানেল আইয়ের পর্দায় আসছে, সেগুলো দর্শকদের ছুঁয়ে যাবে।’
সংবাদ সম্মেলনে ইউনিলিভারের পরিচালক (বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার) নাফিস আনোয়ার বলেন, ‘চ্যানেল আইয়ের ভালো উদ্যোগগুলোর সাথে সবসময় আমরা পাশে থাকার চেষ্টা করেছি। ভালো কনটেন্ট নিয়ে কাজ করায় আমরা সবসময়ই চ্যানেল আইকে অ্যাপ্রিসিয়েট করে এসেছি। ‘‘ভাই ব্রাদার এক্সপ্রেস’’-এর সঙ্গে চ্যানেল আইয়ের এবারের কাজগুলোও আশা করছি দর্শক নন্দিত হবে।’
গত ১৬ জুলাই মোস্তফা সরয়ার ফারুকী এ প্রকল্পে তার ‘আয়েশা’ টেলিফিল্মের শুটিং শুরু করেছেন। আনিসুল হকের লেখা উপন্যাস ‘আয়েশা মঙ্গল’ অবলম্বনে তৈরি হচ্ছে টেলিছবিটি। সেদিন রাজধানীর তেজগাঁওয়ে নাবিস্কোতে শুটিংয়ে অংশ নেন চঞ্চল চৌধুরী আর তিশা।
১৯ জুলাই থেকে নোয়াখালীর মানিকপুরে হবে শুটিং। এরপর বাকি অংশের কাজ হবে ঢাকায়।
চ্যানেল আই থেকে এ বিষয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাটকগুলোতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, তিশা, ঈশিতা, সৈয়দ হাসান ইমাম, ইরেশ জাকের, সেওতি, সামিয়া অথৈসহ আরও অনেকে।
‘ভাই ব্রাদার এক্সপ্রেস’ প্রকল্পের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সহযোগী ব্র্যান্ডগুলো।
